আওয়ামী লীগ ১৯৭২ ও ১৯৭৫ সালে ক্ষমতায় থাকাকালীন সব পত্রিকা বন্ধ করে শুধু নিজেদের ৪টি পত্রিকা চালু রেখেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, যে দলটি ৭২ ও ৭৫ সালে ক্ষমতায় থাকাকালে সবগুলো পত্রিকা বন্ধ করে সরকারের নিয়ন্ত্রণে মাত্র চারটি পত্রিকা রেখেছিল। আজকেও সেই দলটি ক্ষমতায় এসে ভিন্নভাবে সংবাদপত্র নিয়ন্ত্রণ ও সাংবাদিকদের নির্যাতন করছে। বাংলাদেশের মানুষ সাংবাদিকদের সবসময় শ্রদ্ধার চোখে দেখে। কারণ ভাষার জন্য গণতান্ত্রিক ও স্বাধীনতার লড়াইয়ে সাংবাদিকদের ভূমিকা ছিল অভূতপূর্ব।
দেশের গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন যে নেত্রী তাকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি রাখা হয়েছে। কারণ তিনি মুক্ত হলে সরকার অগণতান্ত্রিক কাজগুলো করতে পারবে না।
বার্তাবাজার/এসজে