করোনা: হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত ৫৬১ প্রবাসী

১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় শনিবার শঙ্কামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৬১ জন প্রবাসী। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন আরো ৪৪৬জন প্রবাসী।

শনিবার (১৪ মার্চ) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম জাকারিয়া।

তিনি জানান “হোম কোয়ারেন্টাইনে থাকা কোন ব্যক্তির শরীরেই করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। তবে করোনাভাইরাস প্রতিরোধে অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিদেশ ফেরত এই প্রবাসীদের নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। এদের মধ্য থেকে ৫শ ৬১জন হোম কোয়ারেন্টাইনে ১৪দিন অতিবাহিত করার পরেও তাদের শরীরে করোনাভাইরাসের কোন লক্ষণ না থাকায় স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।”

জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসে সংরক্ষিত তথ্যমতে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ১৩ই মার্চ পর্যন্ত চাঁদপুর জেলায় মোট ১৭০০ জন প্রবাসী বিভিন্ন দেশ থেকে তাদের নিজ বাড়িতে ফিরেছেন।

চাঁদপুর সদর উপজেলায় ৯৮ জন,হাজীগঞ্জ উপজেলায় ১৫২জন, শাহরাস্তি উপজেলায় ৯৪জন, ফরিদগঞ্জ উপজেলায় ২০৮জন,হাইমচর উপজেলায় ১৪জন, মতলব দক্ষিণ উপজেলায় ১০৬জন এবং মতলব উত্তর উপজেলায় ৮৭জন প্রবাসী চাঁদপুরে অবস্থান করছেন। জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে চাঁদপুরে ফিরে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য পরামর্শ দেয়।

বিদেশ থেকে আগতদের বেশির ভাগই এসেছেন মধ্যপ্রাচ্যের দুবাই, সৌদি আরব, কুয়েত,বাহরাইন,কাতার থেকে। তবে আমেরিকা, ইতালি, ফ্রান্স লিবিয়া, স্পেন, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকেও এসেছেন অনেকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর