১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর ভারতের নয়াদিল্লি থেকে হেলথ সার্টিফিকেট নিয়ে শনিবার (১৪ মার্চ) দেশে ফিরেছেন ২৩ বাংলাদেশি। তারা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন।
এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইটে শনিবার বিকেল ৩ টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তারা বাড়ি চলে গেছেন। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকায় তাদের নতুন করে আর কোয়ারেন্টাইনে নেয়া হয়নি।
দেশে ফেরা এই ২৩ বাংলাদেশির অধিকাংশই চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের সঙ্গে একটি ছোট্ট বাচ্চাসহ একটি পরিবার রয়েছে। তাদের ফিরিয়ে আনার সম্পূর্ণ খরচ বহন করেছে বাংলাদেশ সরকার।
দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, গত বৃহস্পতিবার ওই ২৩ বাংলাদেশির প্রয়োজনীয় মেডিক্যাল চেক আপ করা হয়। তাদের কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর চীনের উহানে আটকা পড়েন এই ২৩ বাংলাদেশি। পরে গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে অন্যান্য ভারতীয়দের সঙ্গে এই ২৩ বাংলাদেশিকে উহান থেকে ভারতে নেয়া। এরপর তাদের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়। স্বাস্থ্য পরীক্ষায় করোনা ভাইরাস না পাওয়ায় আজ (শনিবার) তাদের ছাড়পত্র দিয়ে দেশে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে