চট্টগ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর উপর হামলা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর গণসংযোগে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী ও তাঁর সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ মার্চ) দুপুর ৩টার দিকে নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে গণসংযোগ করার সময় ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদ (৫৫) ও তাঁর অনুসারীদের উপর হামলার ঘটনা ঘটে।
হামলা সম্পর্কে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম বলেন, “মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর আগমন উপলক্ষে আমরা বন্দর থানা আওয়ামী লীগ সহ ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা সল্টগোলা ক্রসিং এলাকায় অপেক্ষা করছিলাম।
জানা যায় উনি তখন আগ্রাবাদে গণসংযোগ করছিলেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি খোরশেদ আলম সুজন সল্টগোলা এলাকায় এসে পৌঁছান। উনি আসার পর আমরা দলীয় স্লোগানে মেতে উঠি। ঠিক তখন ৩৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী ও তাঁর সমর্থকরা আমাদের উপর হামলা চালায়। হামলায় আমি, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান মুরাদ, তাঁর ছেলে সন্তান সহ বেশ কয়েকজন আহত হয়েছি।”
হামলার ব্যাপারে অভিযুক্ত গোলাম মোহাম্মদ চৌধুরীর কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে আহতদের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন বলেন, “দুপুর সাড়ের ৩টার দিকে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী হাসান মুরাদ তার ছেলেসহ মোট তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।”
আহতরা হলেন বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান মুরাদ (৫৫), তাঁর ছেলে সাদমান সামি (১৬), ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন (৪৫) ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম। আহতদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও বাকি দুজন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম।
বার্তাবাজার/কেএ