পুলিশ সদস্যকে থাপ্পর মেরে আটক মহানগর যুব মহিলা লীগ আহবায়ক

সারাদেশে আওয়ামীলীগের নারী সংগঠনগুলোর নেত্রীদের নামে একের পর এক প্রকাশ হচ্ছে অপকর্মের খবর। পাপিয়ার পরে টংগীর নাসরিন, সম্প্রতি জয়পুরহাটের এক নেত্রী এরা সবাই বিভিন্ন অপকর্ম করেই সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছে। এবার হলেন গাজীপুর মহানগর যুব মহিলা লীগ আহবায়ক ও গাজীপুর সিটির সংরক্ষিত আসনের কাউন্সিলর রুহুন নেসা রুনা।

গাজীপুরের চান্দনা এলাকায় উল্টা পথে গাড়ি চালানোতে বাঁধা দেয়ায় সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যকে থাপ্পর মারার অভিযোগ উঠেছে যুব মহিলা লীগের এই নেত্রীর নামে। এ ঘটনায় শনিবার (১৪ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ রুহুন নেছা রুনাকে আটক করে।

পুলিশ জানায়, দুপুরে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহবায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ৩১, ৩২, ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা দিয়ে গাড়ি নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন। এ সময় সড়কটিতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কনস্টেবল উল্টো পথে যেতে তাকে বাধা দেন।

এ সময় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে রুহুন নেছা রুনা গাড়ি থেকে নেমে ওই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় দেন। ঘটনাস্থলের পাশে থাকা অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে কাউন্সিলর রুনাকে আটক করেন। পরে বাসন থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি কাউছার চৌধুরী জানান, এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর