বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। যাতে তাদের মাঝে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেও নতুন করে কেউ আক্রান্ত না হয়। কিন্তু এটা মানছেন না শরীয়তপুরের বিদেশ ফেরত ২২৬ জন প্রবাসী। এই নিয়ে তাদের আশেপাশে থাকা মানুষদের মাঝেও বিরাজ করছে আতংক।
সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ বিকাল ২২৬ জন প্রবাসী শরীয়তপুরে এসেছেন। যাদের বেশির ভাগ ইতালি প্রবাসী। যারা এসেছেন তাদের স্বাস্থ্যগত অবস্থা এখনো ভালো রয়েছে তবে তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে দেয়া তথ্যমতে,শরীয়তপুর জেলার অন্তত দেড় লাখ প্রবাসী রয়েছেন; যার ৭৫ শতাংশই ইতালি প্রবাসী। শনিবার শরীয়তপুর সদর ও নড়িয়া উপজেলার কয়েকটি স্থানে দেখা যায় অনেক প্রবাসী যারা মার্চ মাসের ৩ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে এসেছেন। তারা বাড়িতে না থেকে হাটবাজারে ঘুরছেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন আর মিশছেন বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের সাথে।
নিরাপদ দূরত্ব ও নিরাপত্তা বজায় রেখে কথা হয় এদের দুই একজনের সাথে। বলছেন, তারা সুস্থ রয়েছেন। দেশের মাটিতে এসেছেন সুস্থ থাকার জন্য । তাদের সাথে বিষয়টি বাড়াবাড়ি করা হচ্ছে বলেও জানান।
শরীয়তপুরের সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ জানান মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন প্রবাসীদের পর্যবেক্ষণ করছেন, দিচ্ছেন পরামর্শ । অনেক ক্ষেত্রে এসব স্বাস্থ্যকর্মীরা মুখোমুখি হচ্ছেন নানা বিড়ম্বনার। তবে সব ধরনের বাধা অতিক্রম করে স্বাস্থ্য বিভাগের কর্মীরা মাঠে থাকবেন।
যে সকল প্রবাসীরা স্বাস্থ্য বিভাগের আইন মানবেন না তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বল জানান জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বার্তাবাজার/এসজে