সাংবাদিক রিগানকে আটকের প্রতিবাদে কুড়িগ্রামে মানবন্ধন

মধ্যরাতে কুড়িগ্রাম বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানের বাড়ি থেকে তাকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করার প্রতিবাদে মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলার কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক্স ও অনলাইন সাংবাদিকসহ স্থানীয় সর্বস্তরের মানুষ।

শনিবার দুপুরে শহরের শাপলা চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক রাজু মোস্তাফিজ, হুমায়ুন কবির সূর্য, ছানালাল বকসী, শ্যামল ভৌমিক, দুলাল বোস প্রমুখ শুক্রবার রাত ১২টার দিকে কুড়িগ্রাম শহরের চড়ুয়াপাড়াস্থ বাড়ি থেকে আটকের পর রিগ্যানকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন থেকে বলা হয়েছে, টাস্ক ফোর্সের মাদকবিরোধী অভিযানে গভীর রাতে তাকে আটক করা হয়।

এ সময় তার বাড়ি থেকে ৪৫০ এমএল দেশি মদ ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পুলিশ, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানের সময় মাদকসহ আরিফুল ইসলাম রিগ্যানকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সামনে সে দোষ স্বীকার করায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে রিগ্যানকে আটক ও সাজা দেওয়ার ঘটনাটি আইনসংগত হয়েছে কি-না এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মো. মাসুদ রানার নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি তদন্ত শুরু করে।

প্রাথমিকভাবে রিগ্যানের শ্বশুর মোহাম্মদ আলী, মামা নজরুল ইসলাম, নুর ইসলাম, ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিন্টু বিকাশ চাকমাসহ কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর