করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় আগামী ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর দফতর আপাতত রাজ্যের সব সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে।
আনন্দবাজার পত্রিকার এই সংবাদে জানানো হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীন পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। তবে উচ্চ মাধ্যমিকসহ সিবিএসই এবং আইএসই-র যে সব পরীক্ষা চলছে তা চলবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ঘোষণা দিয়েছেন, আগামী ৩০ মার্চ পরিস্থিতি বিবেচনা করে ফের পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনস্বার্থেই এ সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, চিন্তার কোনও কারণ নেই। এ রাজ্যে তেমন কোনও ঘটনা ঘটেনি। তবে, আমরা সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। সে কথা মাথায় রেখেই স্কুল-মাদ্রাসা-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে।
একইসাথে শিক্ষক-শিক্ষিকাদেরও বাড়ি থেকে কাজ করতে অনুরোধ করেন তিনি।
বার্তাবাজার/এসজে