ধানের শীষে ভোট দেওয়ার আহবান শাহাদাতের
গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার সহ চট্টগ্রামবাসীর জীবনযাত্রার ব্যয় কমিয়ে আধুনিক শহর গড়ার সুযোগ দানের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানালেন চসিক নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন।
শনিবার (১৪ মার্চ) আগ্রাবাদ, বন্দরটিলা ও নিমতলা এলাকায় নির্বাচনী প্রচারণায় নগরবাসীর প্রতি তিনি এ আহবান জানান। ডাঃ শাহাদাত হোসেন বলেন, “কথার ফুলঝুরি ছেড়ে এখন কার্যতই চট্টগ্রামের উন্নয়ন করতে হবে।
নগরীর রাস্তাঘাট নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি চট্টগ্রামকে একটি আইপি প্রযুক্তিসমৃদ্ধ স্মার্ট, পরিচ্ছন্ন ও নান্দনিক শহরে গড়ে তুলতে হবে। জনগণের জীবনযাত্রার ব্যয় কমিয়ে তাঁদের সঞ্চয় প্রবণতায় উদ্বুদ্ধ করা হবে।
বাড়ি-বিল্ডিংয়ের হোল্ডিং ট্যাক্স কমানো হবে। আমি যদি নির্বাচিত হই তাহলে সকল প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়ন করবো। তাই জনগণকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ ও রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। এজন্য জনগণের সেবায় বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান, নগর জাসাসের সভাপতি আবদুল মান্নান রানা, নগর বিএনপির সদস্য মোহাম্মদ নাছির, এম এ মুছা, এম এ সবুর, ২৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সহ বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মী।
বার্তাবাজার/কেএ