বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনাভাইরাস। যার প্রভাব পড়েছে ক্রিড়াঙ্গনেও। তাইতো বাতিল হচ্ছে একের পর এক ক্রিকেট সিরিজ। এমন পরিস্থিতিতে তৃতীয় দফায় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তকেই অগ্রাধিকার দিচ্ছে বিসিবি।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, পাকিস্তান এ সিরিজের আয়োজক। তাই সিরিজের বিষয়ে যে কোন সিদ্ধান্ত পিসিবি নিবে। তারাই এ ব্যাপারে চূড়ান্ত মতামত দেবে। আমরা অপেক্ষায় আছি, পিসিবি কী সিদ্ধান্ত নেয় তা দেখার জন্যে। আপনারা জেনেছেন, পাকিস্তানে পিএসএল হচ্ছে। ইতিমধ্যে তাদের ঘরোয়া টুর্নামেন্ট ছেড়ে ৯-১০ জন ক্রিকেটার চলে গেছেন।
তিনি বলেন, সফরকারী দল হিসেবে আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বিশ্বের ট্রাভেল অ্যাডভাইজরি কিন্তু একেক দিন এক একটা আসছে। আমরা এ নিয়ে চিন্তিত। তবে আমরা আশাবাদী পিসিবি দ্রুত এ ব্যাপারে নিজেদের অবস্থান এবং সিদ্ধান্ত জানাবে। নিজেরা কিছু বলব না।
এর আগে পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান জানান, বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এরই মধ্যে বিসিবি প্রধান নির্বাহীর সঙ্গে যোগাযোগ হয়েছে তার। আগামী তিনদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তবে সিরিজটি আয়োজনের এখনো প্রত্যাশা করছে পাকিস্তান। তাই তারা আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওয়াসিম।
বার্তাবাজার/কেএ