নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিলেন ইমরান খান

ভারত ও পাকিস্তানের তিক্ততা বহুদিনের। বিভিন্ন ইস্যু নিয়ে মাঝে মাঝে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থাও তৈরী হয়। তবে এবার করোনা মোকাবেলায় এক হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই ভাইরাস মোকাবেলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদীর এই আহ্বানে সাড়া দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। করোনা ইস্যুতে ইমরান খানের পক্ষ থেকে সার্কভূক্ত সদস্য দেশগুলোর ভিডিও কনফারেন্সে পাক প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী অংশ নেবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকী এই তথ্য জানিয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সকালের দিকে ওই পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেছেন, কোভিড-১৯ মোকাবেলায় প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে অংশ নেয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারীকে (স্বাস্থ্য) দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিবেশীদের সহায়তায় প্রস্তুত আছে পাকিস্তান। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ইতোমধ্যে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক টুইটে করোনাভাইরাস মোকাবেলায় প্রতিবেশী এবং সার্কের সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। নরেন্দ্র মোদী তার ‍টু্ইট বার্তায় বলেন, ‘আমি প্রস্তাব করছি, সার্কের নেতারা করোনাভাইরাসের লড়াইয়ে শক্তিশালী এক কৌশল নির্ধারণ করবেন। আমাদের নাগরিকদের সুস্থ রাখতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা এ বিষয়ে আলোচনা করতে পারি।’

মোদীর প্রস্তাবকে বাংলাদেশ আগেই সমর্থন দিয়েছে। এছাড়াও ভূটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল মোদীর প্রস্তাবে সাড়া দিয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর