পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ বন্ধে সিদ্ধান্ত নেয়া হবে : ওবায়দুল কাদের

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্কুল-কলেজ বন্ধের মতো কোনো পরিস্থিতি তৈরি হলে সরকারের পক্ষ থেকে যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শনিবার করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে আওয়ামী লীগের লিফলেট বিতরণের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ে স্কুল-কলেজ বন্ধের কথা উঠেছে। সরকার করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিষয়টি আমাদের চিন্তা-ভাবনা নেই তা নয়। সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে সরকারের পক্ষ থেকে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আমরা মুজিববর্ষ উদাযাপন ও করোনা ভাইরাস মোকাবিলার প্রস্তুতিও নিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত যে যৌথ উদ্যোগের প্রস্তাব দিয়েছে, তাতে বাংলাদেশ রাজি আছে বলেও জানান সেতুমন্ত্রী।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর