পল্লীকবি’র ৪৪ তম প্রয়াণ দিবস পালিত

আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি, পল্লী কবি জসীম উদ্‌দীনের ৪৪ তম প্রয়াণ দিবস আজ (১৪ মার্চ) । ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পল্লী কবির প্রয়াণ দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লীকবির কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো: আলিমুজ্জামান, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় কবি’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে কবি’র বাড়ি প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছবি : বার্তা বাজার

অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছেলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, প্রফেসর এম এ সামাদ, প্রফেসর মোহাম্মদ শাহজাহান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা। আলোচনা ও দোয়া মাহুফিলে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তর, কবি পরিবারের সদস্যবৃন্দ, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, কবি’র প্রতিবেশি, স্থানীয় ব্যক্তিবর্গ, সামাজিক সাংস্কৃতিক সংগঠণের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, জসীম উদ্‌দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলা সদরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মাদ জসীম উদ্‌দীন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীম উদ্‌দীন নামেই পরিচিত। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট। পল্লী কবি ১৯৭৬ সালে আজকের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুসারে তাকে নিজ বসত প্রাঙ্গণ ফরিদপুর জেলার আম্বিকাপুর গ্রামে তার দাদীর কবরের পাশে দাফন করা হয়।

জসীম উদ্‌দীন একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। ‘পল্লীকবি’ উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্‌দীনের।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর