বাবাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলা তুলে না নেয়ায় ছেলের আঙ্গুল কেটে দিয়েছে সন্ত্রাসীরা। আহত ছেলের নাম আবু হানিফ পাভেল (২০)। শুক্রবার বিকেলে ফেনীর সদর উপজেলার ধর্মপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গুরুতর আহত পাভেলকে শুক্রবার রাতেই ফেনী আধুনিক সদর হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসী ও আহতের পরিবার সূত্র জানায়, ২০১৭ সালে পাভেলের বাবা আবু তাহেরকে এলাকার মাদক ব্যবসায়ী সেলিম ওরফে সম্রাট গুলি করে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় আহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে সম্রাটসহ ১৪ জনকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
মামলাটি তুলে নিতে সম্রাট ও তার সহযোগীরা বাদী ও সাক্ষীদের নিয়মিত হুমকি দিয়ে আসছে।
শুক্রবার বিকালে ধর্মপুর আশ্রায়নে সম্রাট, বাবুল, জাকিরসহ কয়েকজন পাভেলকে একা পেয়ে অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা পাভেলের মাথা ও ঘাড়ে কোপানোর চেষ্টা করলে পাভেল হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করে। পরে সন্ত্রাসীরা পাভেলের দুই হাতের তিনটি আঙ্গুল কেটে দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক দেখে আঙ্গুল তিনটি জোড়া দিয়ে রাতেই পাভেলকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।
ফেনি মডেল থানার তদন্ত পরিদর্শক (ওসি) সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বার্তা বাজার / ডব্লিও.এস