বন্ধ হয়ে গেল বাংলাদেশের সঙ্গে ভারতের সব যান চলাচল

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সম্পূর্ণ বন্ধই হয়ে গেল ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান, রেল ও বাস যোগাযোগ। ভারত সমস্ত রকম পর্যটক ভিসা বাতিল করার পরে কাল থেকেই দু’দেশের মধ্যে যাতায়াত কমে গিয়েছিল।

শুক্রবার দিল্লিতে বিদেশ, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রকের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের সঙ্গে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধ থাকবে বাস পরিষেবাও।

জানা গেছে, শুক্রবার থেকে ভারত থেকে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বিমান। তবে বেসরকারি কয়েকটি বিমান ফেরত যাত্রীদের আনতে দিল্লি, কলকাতা ও চেন্নাই গিয়েছে। কিন্তু মঙ্গলবার থেকে আর কোনও বিমান যাতায়াত করবে না। ১৫ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে।

বিপাকে পড়েছেন ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিক ও বংলাদেশ থেকে যাওয়া ভারতীয়রা। চিকিৎসার জন্য বহু বাংলাদেশি কলকাতা ও চেন্নাইয়ের হাসপাতালে রয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, চীন, ইটালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার পর্যটক ভিসা বন্ধ করেছে বাংলাদেশ। ভারত তালিকায় না থাকলেও কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই মুহূর্তে ভারতীয়দের বাংলাদেশে সফরে নিরুৎসাহ করছেন তারা।

এদিকে, ৫১ জন ভারতীয় নাগরিক নিয়ে সকালে ঢাকা থেকে ছেড়ে গেছে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন। আজকেই ছিলো এই ট্রেনের শেষ ট্রিপ। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাতিল করা হইছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর