মহামারী করোনার কেন্দ্রবিন্দু ইউরোপ : ডাব্লিউএইচও

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই মৃত্যুকে একটি করুণ মাইলফলক বলে মন্তব্য করেছেন ডাব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস। শুক্রবার (১৩ মার্চ) এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস বলেন, ইউরোপ এখন মহামারীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চীনের পর করোনাভাইরাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপের দেশগুলোকে।

ইউরোপের দেশ ইতালিতে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। ইতালিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬০ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ২৬৬ জনের।

এদিকে, বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। শনিবার (১৪ মার্চ) এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জন।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস জানিয়েছে, বিশ্বব্যাপী ১৩২ টি দেশের ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৫৩০ জন।

এই ওয়েবসাইটটি জানাচ্ছে, বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৬৭ হাজার ৮৪৪ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ হাজার ৮২ জনের অবস্থা সঙ্কাটাপন্ন আর ৬১ হাজার ৬০১ জনের অবস্থা স্থিতিশীল।

ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। দেশটিতে ৮০ হাজার ৮২৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ১৮৯ জন। মৃত্যুর দিক দিয়ে চীনের পরেই আছে ইতালি। দেশটিতে ১ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইরানে ১১ হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫১৪ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর