নেত্রকোনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পূর্বশত্রুতার জেরে নেত্রকোনায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে কেন্দুয়া উপজেলার রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম রিপন মিয়া (৩৫)। তিনি উপজেলার জল্লী গ্রামের মৃত সনজু মিয়ার ছেলে। তিনি মনোহারি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহত রিপন মিয়ার সঙ্গে একই গ্রামের মন্নাক ও তার পরিবারের সদস্যদের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে রিপন স্থানীয় একটি বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রাজঘাট এলাকায় প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রিপনকে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা আহত রিপনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর