স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন সৈকত ভ্রমনে, ফিশ ফ্রাই খেয়ে ঢলে পড়লেন মৃত্যুর কোলে

ঢাকা থেকে স্ত্রীকে নিয়ে কক্সবাজারে আনন্দ ভ্রমণে এসেছিলেন ফেরদৌস আলম খান সৌরভ (৩৫)। কিন্তু সেই আনন্দরূপ নিয়েছে বিষাদে । শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে খোলা আকাশের নিচে ভ্যান গাড়িতে বিক্রি করা ‘ফিশ ফ্রাই’ (ভাজা মাছ) খাওয়ার পর সৌরভ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষনা করে।

সৌরভ সিরাজগঞ্জ সদর উপজেলার মসজিদ সড়ক এলাকার মৃত নবিউল আলম খানের ছেলে। চাকরি সূত্রে স্ত্রীকে নিয়ে ঢাকার মিরপুর-১ আনসার ক্যাম্প আহম্মদ নগর পাইকপাড়া এলাকায় থাকতেন তিনি। স্বামীর আকস্মিক মৃত্যুতে স্ত্রী ফারজানা আকতার (২৫) যেন শোকে পাথর হয়ে গেছেন।

ফারজানা জানান, শুক্রবার সকালে তারা কক্সবাজারে পৌঁছে কলাতলীর সুগন্ধা পয়েন্টের হোটেল কক্স-ইন এর ৩০৪ নং কক্ষে ওঠেন। সারাদিন সৈকতে ঘোরাঘুরি করেন। সন্ধ্যায় হোটেল থেকে বের হয়ে সুগন্ধ্যা পয়েন্টে গিয়ে ডাব আর ফিশ ফ্রাই খান। এরপর অসুস্থ হয়ে পড়েন সৌরভ। স্থানীয় একটি ফার্মেসীতে সৌরভকে দেখানো হয়। ফার্মেসীর পরামর্শে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষনা করে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এসএম নাওশাদ রিয়াদ জানান, ওই পর্যটককে হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগ অথবা খাবারে বিষক্রিয়ায় তার মৃত্যু হতে হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান কবির বলেন, হাসপাতাল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে ফেরদৌস আলম খান সৌরভ ও ফারজানার বিয়ে হয়। দাম্পত্য জীবনের তাদের কোনো সন্তান নেই।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর