ভাড়া নিয়ে কথা কাটাকাটি, যুবককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে হত্যা !

সরাইলে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে চালক ও তার সহযোগীর বিরুদ্ধে। নিহত যুবকের নাম আশিক (২৫)। বৃহস্পতিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের শশুর বাদী হয়ে চালকসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে মহাসড়কের সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড়ে চলন্ত বাস থেকে আশিককে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়।

স্থানীয় লোকজন ও নিহতের ছোট ভাই শরিফ মিয়ার (২০) অভিযোগ, তারা দুই ভাই বৃহস্পতিবার ভোরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসে ওঠেন। পথিমধ্যে সরাইলের বিশ্বরোড মোড়ে তাদের নামার কথা ছিলো। পথিমধ্যে চালক ও তার সহকারীর সঙ্গে ভাড়া নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়।

এ জন্য এই দুই যাত্রীর ওপর তারা ক্ষুব্ধ ছিলেন। এ জন্য বিশ্বরোড মোড়ে তাদেরকে না নামিয়ে দ্রুত ছেড়ে আসে।

পরে এক কিলোমিটার দূরে কুট্টাপাড়া মোড়ে এসে তাদেরকে ধাক্কা মেরে বাস থেকে ফেলে দেয় চালকের সহযোগী। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় আশিক। সামান্য আহত হন শরিফ। আশিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পর দ্রুত অবনতি দেখে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে বিকালে মারা যায় আশিক। গতকাল সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা বাসের নম্বর, চালক কিংবা কোন স্টাফের নাম বলতে পারছেন না। তবুও অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর