করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের একযোগে কাজ করার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক টুইট বার্তায় তিনি এ প্রস্তাব দেন। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কেভুক্ত ৫ দেশের নেতা।
টুইট বার্তায় দেয়া ওই প্রস্তাবে, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সার্কের নেতাদের যৌথভাবে কার্যকর কৌশল প্রণয়নের প্রস্তাব করেন মোদী। তিনি বলেন, পুরো অঞ্চলের বাসিন্দাদের কথা চিন্তা করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যান্য দেশের সরকার প্রধানদের সাথে আলোচনা করে এই কৌশল প্রণয়ন করা যেতে পারে।
এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই খবর এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সরকার প্রধান শেখ হাসিনা সার্ক জোটের নেতাদের সাথে কার্যকর আলোচনার আশা করছেন বলেও জানান শাহরিয়ার আলম।
এদিকে, মোদীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শিরিং, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশা।
পাকিস্তান সার্কভুক্ত হলেও মোদীর এই প্রস্তাবে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া দেয়নি।
বার্তা বাজার / ডব্লিও.এস