নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রান্ত সূত্রধর (৭) ও চঞ্চল সূত্রধর (৮) দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার শেলাচাপড়ি পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত প্রান্ত সূত্রধর শাহজাদপুরের শেলাচাপড়ি পূর্বপাড়ার মৃত মদন সূত্রধরের ছেলে ও চঞ্চল সূত্রধর রায়গঞ্জের বর্মগাছা গ্রামের পরিতোষের ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে একে অপরের খালাতো ভাই।

স্থানীয়রা জানায়, দুপুরে শিশু দুটি বাড়ির পার্শ্ববর্তী হুরাসাগর নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় গোসল করার পর লোকজন শিশু দুটিকে দেখতে না পেয়ে নদীতে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাদপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর