করোনা মোকাবিলায় যৌথ উদ্যোগ নেওয়ার প্রস্তাব মোদির

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তারকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিদিনই নতুন নতুন দেশ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এর প্রেক্ষিতে করোনা ভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আওতাধীন দেশগুলোকে এক হয়ে শক্তিশালী যৌথ উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ মার্চ) একাধিক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, সার্কভুক্ত দেশগুলোর প্রতি প্রস্তাব রাখছি, যাতে তারা করোনা মোকাবিলায় যৌথভাবে শক্তিশালী উদ্যোগ গ্রহণ করে। আমাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা চালাতে পারি। একজোট হয়ে আমরা বিশ্বের জন্য উদাহরণ তৈরি করতে পারি। স্বাস্থ্যসম্মত বিশ্ব গড়ায় ভূমিকাও রাখতে পারি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমাদের গ্রহ কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করছে। কিছু কিছু দেশের সরকার ও জনগণ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বিস্তার ঠেকানোর চেষ্টা করছে। বিশ্বের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশই দক্ষিণ এশিয়ায় বাস করে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো উচিত। সার্কভুক্ত দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপ।

এদিকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার বাসভবনে সাক্ষাত করেছেন। তিনি নরেন্দ্র মোদির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে জানান, এই অঞ্চলের নেতৃত্বের মধ্যে ঐক্য ও সদ্বিচ্ছা থাকলে করোনার মতো মাহমারী মোকাবেলা সম্ভব।

তিনি বলেন, হাইকমিশনার তাকে অবহিত করেছেন যে- পাকিস্তান এই প্রস্তাবে ইতিবাচক হলেও এখনো কিছু নিশ্চিত করেনি। বাকি দেশগুলো মোদির প্রস্তাবে সাড়া দিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে শনিবারই কোনো এক সময় সার্কভুক্ত দেশের শীর্ষ নেতাদের মধ্যে এই ভিডিও কনফারেন্স হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর