নির্বাচনের আর বাকী মাত্র ১৬ দিন। প্রচারনা চলছে বেশ জোরে। কিন্তু নির্বাচনের এত আমেজের মাঝে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে গেলেন চির নিস্তব্ধ।
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. শফিকুর রহমান ভুঁইয়া (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে তিনি চাঁদপুর শহরের প্রিমিয়ার হসপিটালে মারা যান।
এ ব্যাপারে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, বিএনপির প্রার্থী মারা যাওয়ায় আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন বাতিল হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। পরবর্তীতে নতুন তফসিলে মেয়র পদে ভোটগ্রহণ হবে। তবে কাউন্সিলর পদে ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চই ভোট হবে।
বিএনপি প্রার্থীর পরিবার জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সারাদিন পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। সেখানে কয়েকবার তিনি অসুস্থতা বোধ করেন। পরে রাত ১১টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তিনি মারা যান।
তার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিকগুলো দল শোক প্রকাশ করেছে।
বার্তাবাজার/এসজে