রাজবাড়ীতে স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ীতে আসাদুল খান (৪৫) নামে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর ৬ টার দিকে পাংশা উপজেলার কসবামাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। হত্যার পর ওই শিক্ষকের লাশ শান্তিখোলা নদীর পাড়ে রেখে যায় দুর্বৃত্তরা। পরে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত আসাদুল খান পাংশা সুবর্নখোলা গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে। তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে নিহত স্কুল শিক্ষক তার অসুস্থ চাচাকে দেখে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। এরপর তার পায়ে এবং বুকে গুলি করে হত্যা করে শান্তিখোলা নদীর পাড়ে তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পাংশা থানার ওসি মো. আহসান উল্লাহ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আসাদুল খানের লাশ উদ্ধার করেন।

পূর্ব শত্রুতার জেরে স্থানীয় জজ আলী বিশ্বাসের লোকজন তাকে হত্যা করতে পারে বলে জানান নিহতের ভাতিজা মাসুদুর রহমান খান

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জজ আলী বিশ্বাস এবং কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খানের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় ৫ জনকে আটকের বিষয়টিও নিশ্চিত করেন পুলিশ সুপার।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর