ফের রক্তাক্ত ব্রাহ্মনবাড়িয়ায় নিহত ১, পুলিশসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদ-মাদরাসার অর্থ আত্মসাত নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শামসুল হক চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৭ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। নিহত শামসুল হক চৌধুরী ওই এলাকার মৃত সওদাগর চৌধুরীর ছেলে।

শুক্রবার (১৩ মার্চ) সকালের দিকে দুই দফায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মসজিদ-মাদরাসার অর্থ আত্মসাতসহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নূর আলী ও জয়নাল আবেদীনের পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে আগেও একাধিকবার সংঘর্ষ হয়। এসব ঘটনায় উভয়পক্ষ মামলা দায়ের করেন।

পরে আজ সকালে আবারো দুই পক্ষ সংঘর্ষে শামসুল হক চৌধুরী নামের একজন প্রতিপক্ষের ধাওয়া খেয়ে দৌড়ে পালানোর সময় পুলিশের লাঠিচার্জে ঘটনাস্থলেই সে মারা যায়। সংঘর্ষে পুলিশের ৭ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। তাদের সরাইল ও জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

সরাইল থানার ওসি শাহাদাত হোসেন টিটু জানান, পুলিশের লাঠির আঘাতে শামসুল হক মারা যায়নি। আমরা ধারণা করছি সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর