করোনাভাইরাস : সরাসরি আইইডিসিআরে না যাওয়ার অনুরোধ জানালেন পরিচালক

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষার জন্য সরাসরি আইইডিসিআর না আসার অনুরোধ জানিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা আবারও অনুরোধ করব যারা বিদেশ থেকে এসেছেন এবং মনে করেন তাদের মধ্যে করোনার লক্ষণ ও উপসর্গ রয়েছে, তারা দয়া করে আইইডিসিআরে চলে আসবেন না। হটলাইনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে আসুন।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সতর্কতার জন্য এ কথাটি বলছি, আপনাদের মধ্যে কারোর যদি সত্যিকার অর্থেই করোনাভাইরাসের উপস্থিতি থাকে সেটি থেকে কিন্তু সুস্থ একজন মানুষ সংক্রমিত হতে পারেন। তাই আপনারা যারা আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ও উপসর্গ দেখা যাচ্ছে তারা হটলাইনে যোগাযোগ করেন। প্রয়োজনে আইইডিসিআর থেকে লোক পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হবে।

গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে ১৬ জন সরাসরি নমুনা পরীক্ষার জন্য এসেছেন বলেও জানান অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর