অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন হাসপাতালে ভর্তি হয়েছেন। পিটার ডুটন কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে এক টুইটে অজি মন্ত্রী জানান, সকালে ঘুম থেকে উঠেই গলায় খুসখুস ও শরীরে অতিরিক্ত তাপমাত্রা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেন ডুটন। হাসপাতালে আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার পিটার ডুটনের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, অস্ট্রেলিয়ায় প্রবেশকারী সবাইকে কেন পরীক্ষা করা হচ্ছে না? জবাবে তিনি জানান, প্রত্যেককে পরীক্ষা করা সম্ভব নয়।

অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১৫৬ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস ধরা পড়েছে। এদের মধ্যে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী। তারাও কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত তিনজন। করোনার সংক্রমণ বাড়তে থাকায় পাঁচ শতাধিক মানুষের জনসমাগম নিষিদ্ধ করেছেন অজি প্রধানমন্ত্রী স্কট মরিনসন। সূত্র: বিবিসি

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর