গত চারদিনে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ১৬৯ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদেরকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শুক্রবার (১৩ই মার্চ), আরও ৬০ জন বিদেশ ফেরত ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ১২ বেডের আইসোলেশন ইউনিট এবং সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, পর্যবেক্ষণে থাকা ব্যক্তিরা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিংগাপুর ফেরত। করোনাভাইরাস প্রতিরোধে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে জেলা প্রশাসক সভাপতি ও তিনি (সিভিল সার্জন) সদস্য সচিব। এছাড়াও প্রতিটি উপজেলায় ইউএনওকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিনিয়ত পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের খোঁজখবর নিচ্ছেন।
এছাড়াও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ৯ সদস্যবিশিষ্ট কোভিড-১৯ ব্যবস্থাপনা কমিটিও করা হয়েছে। এই কমিটিতে সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সাকিনা আনোয়ারকে প্রধান করা হয়েছে। হাসপাতালে আইসোলেশন ইউনিটে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা ও তা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো এই কমিটির প্রধানতম কাজ।
ডিবিসি নিউজ
বার্তাবাজার/কে.জে.পি