বিদেশ থেকে ফিরে আসা সবাইকেই ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।
শুক্রবার (১৩ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ পরামর্শ দেন।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ‘বিদেশফেরতরা ১৪ দিন ঘরে থাকুন। আমরা অনেক ক্ষেত্রে দেখছি তারা কোয়ারেইন্টাইনে থাকছেন না। আমরা অনুরোধ করেছি এতদিন। সরকারের সহানুভূতিশীল পদক্ষেপ তারা মানছেন না। সেক্ষেত্রে আমরা সংক্রামক ব্যাধি আইন প্রয়োগ করতে পারি। কিন্তু আমরা শক্ত পদক্ষেপে যেতে চাই না।’
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. শাহনীলা ফেরদৌসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বর্ধন জং রানাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনায় আক্রান্তের পর যে ২ জন সুস্থ হয়েছেন, তাদের মধ্যে ১ জন বাড়ি ফিরেছেন। সুস্থ আরেকজন বাড়ি যাননি। কারণ তার পরিবারের একজন অসুস্থ এবং বাড়িতে পরিবারের সদস্যরা সবাই কোয়ারেন্টাইনে আছেন। সেজন্য তাকে হাসপাতালেই রাখা হয়েছে। বাকি আরেকজনের রিপোর্ট এখনও পজিটিভ আসেনি।
বার্তাবাজার/এমকে