নিজের মাথায় মাটির ঝুড়ি নিয়ে জনগণের সাথে স্বেচ্ছায় রাস্তা নির্মাণ কাজে অংশ নিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আল-আমীন সরকার।
শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা পশ্চিম কৃষ্টপুর গ্রামে রাস্তা নির্মাণের কাজে স্বেচ্ছাশ্রম দিয়ে জনগণের সাথে মাথায় মাটির ঝুড়ি নিয়ে অংশগ্রহণ করেন তিনি। ইউপি চেয়ারম্যান মো. আল-আমীন সরকারের মাথায় মাটির ঝুড়ি দেখে এলাকার মানুষ অভিভূত হয়ে পড়েন।
এতে করে চেয়ারম্যানের প্রতি বেড়েছে মানুষের শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। এ কাজে স্বেচ্ছায় প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেয়।

এলাকার বাসিন্দা আব্দুল মান্নান ও রমজান আলী জানান, চেয়ারম্যান এলাকার ছেলে। তার নেতৃত্বে এ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আর আজকের এ কাজের মধ্য দিয়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।
এ বিষয়ে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আল-আমীন সরকার জানান, প্রত্যেক মানুষকে সাধ্যমত সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। এখানে আমি একা কিছু করিনি। আমরা সবাই মিলেমিশে দেশটাকে এগিয়ে নিতে চাই।
বার্তাবাজার/এমকে