করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯৭৩

মরণঘাতী করোনা ভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা কমে আসলেও এটি আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলোতে। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৩ জন।

ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়াতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতালিতে একদিনে আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চীনে নতুন করে মাত্র ৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন একজন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭০ জন।

ইতালিতে একদিনে মারা গেছেন আরও ১৮৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জন, আক্রান্ত ১৫ হাজার ১১৩ জন। স্পেনে একদিনে নতুন করে ৮৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৩১ জন।

ফ্রান্সে একদিনে ৫৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ১৩জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন।

এছাড়া, ইরানে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫ জন, মারা গেছেন ৭৫ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করোনা রোগী ২২৪ জন, প্রাণহানি সাতজনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭৯ এবং মৃত্যু ৬৭ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর