তরুণের চুল কাটার নির্দেশ: বদলি হলেন সেই ম্যাজিস্ট্রেট

সমুদ্রসৈকতে বেড়াতে আসা এক তরুণের চুল কেটে দেওয়ার নির্দেশ দেওয়া চট্টগ্রামের সেই ম্যাজিস্ট্রেটকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) দেয়া হয়েছে।

বৃহস্পতিবার(১২ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার এক আদেশে তাকে সীতাকুণ্ড থেকে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এক তরুণের চুল কেটে দেয়ার ছবি ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় তোলে।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসা এক তরুণের চুল কেটে দিচ্ছেন এক ব্যক্তি। তারই পাশে সাদা পাঞ্জাবি-পায়জামা পরে দাঁড়িয়ে আছেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

বিষয়টি চট্টগ্রাম ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেনের নজরে এলে পরের দিন ওই ঘটনা তদন্তে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন তিনি। কমিটির একমাত্র সদস্য হলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে আজ সৈয়দ মাহবুবুল হককে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে অবমুক্ত করা হয়েছে। অবমুক্তির কারণ জানতে চাইলে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় জনস্বার্থে বদলির আদেশ জারি করেছে। এটি মন্ত্রণালয়ের নিয়মিত বদলির আদেশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর