ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একের পর এক আনন্দ মেলার নামে অশ্নীল নাচ ও জুয়া খেলার আয়োজন করছে স্থানীয় প্রভাবশালী মহল। আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার চরম ব্যাঘাত সৃষ্টির পাশাপাশি অশ্লীল কার্যকলাপের কারণে ধ্বংসের মুখে পতিত হচ্ছে যুব সমাজ।
স্থানীয় প্রশাসনকে একাধিকবার বিষয়টি বলার পরও কোনও পদক্ষেপ গ্রহণ করায় ক্ষোভ প্রকাশ করেছে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার হরিণমারী এলাকায় বসানো মেলার দৃশ্য একই। স্থানীয়দের অভিযোগ, ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলামের বাড়ির সামনে যাত্রাপালার প্যান্ডেলের ভেতর অশ্লীল নাচ ও গান চলছে।
এছাড়া আরেকটি মেলায় রাত ১২টার পর জুয়ার আসরও বসাচ্ছে মেলা কমিটি। জুয়া খেলতে ছুটে আসছে বিভিন্ন এলাকার মানুষ। তাছাড়া করোনাভাইরাস ছড়ানোর আশংকাও করছেন অনেকেই।
আবার, গত ১৫ দিন ধরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী-বালিয়াডাঙ্গী সড়ক সংলগ্ন গোয়ালকারী গ্রামে আনন্দ মেলা চলছে প্রশাসনের অনুমতি ছাড়াই। দিনের বেলায় মাইকিং করে এলাকার প্রচার করা হচ্ছে যাত্রা আসরের কথা। রাতে যাত্রা প্যান্ডেলে চলছে অশ্লীল নৃত্য।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, পুলিশের লোকজন মেলায় গেলে অশ্লীল নৃত্য বন্ধ হয়ে যায়। তাছাড়া জেলা প্রশাসন মেলার অনুমতি দিলে আমাদের কিছু করার নেই।
মেলার জন্য স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধের প্রেক্ষিতে কয়েকদিন সময় দেয়া হয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে তা বন্ধ করে দেয়া হবে বলে জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম।
বার্তাবাজার/এসজে