হত্যা মামলা, চাঁদাবাজি ও প্রতারণার সাথে জড়িত থাকায় কথিত জাতীয় মানবাধিকার ইউনিটের চেয়ারম্যান জিয়াউল আমিন ও অর্থ সম্পাদক দৌলেতুন নেছাকে আটক করেছে র্যাব-১১ এর একটি দল।
বুধবার (১১ মার্চ) গভীর রাতে তাদেরকে ঢাকার মোহাম্মদপুর হাউজিং সোসাইটির একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার(১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগরে র্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপউদ্দিন সাংবাদিকিদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে জাতীয় মানবাধিকার ইউনিট নামে কথিত সংস্থার চেয়ারম্যান জিয়াউল আমিন ওরফে হারুনুর রশীদ (৫৩) এবং তার স্ত্রী দৌলেতুন নেছা (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে।’
র্যাবের এই কর্মকর্তা আরও জানায়, হারুনুর রশীদ ও তার স্ত্রীকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ভুয়া সিল ও হয়রানির নথি উদ্ধার করা হয়েছে। জিয়াউল এই সংস্থারটির নাম দিয়ে সারা দেশে ৪০টি কমিটি তৈরি করে ২ হাজার কর্মী নিয়োগ করেছে। তাদের প্রত্যেকের কাছে থেকে ৩ থেকে ১০ হাজার টাকা সদস্য ফি হিসেবে নেওয়া হয়েছে। দীর্ঘ দিন থেকে তিনি প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।
তার প্রতারণার শিকার এমন শতাধিক ভুক্তভোগী পাওয়া গেছে বলেও জানিয়েছে র্যাব।
বার্তাবাজার/এসজে