পিএস প্লেট হচ্ছে হাইকোর্টের দৈনিক কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করার অন্যতম উপাদান। এই পিএস প্লেট চীন থেকে আমদানি করা হতো কিন্তু, সম্প্রতি করোনা ভাইরাসের কারনে চীন থেকে আমদানি করা যাচ্ছে না এই উপাদানটি।
এ কারণে ১৫ মার্চ (রোববার) থেকে হাইকোর্টের কজলিস্ট কাগজে প্রকাশিত হচ্ছে না। বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মার্চ ঢাকার তেজগাঁওয়ের গভর্নমেন্ট প্রিন্টিং (বিজি) প্রেসের উপ-পরিচালক সুপ্রিমকোর্ট প্রশাসনকে একটি চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, কজ-লিস্ট প্রকাশের অন্যতম উপাদান পিএস প্লেট শেষ হয়ে গেছে। করোনা ভাইরাসের কারণে আমাদানিকারকরা চীন থেকে আমদানি করতে পারছেন না। এ অবস্থার অবসান হতে কতদিন সময় লাগবে, তা অনুমান করা যাচ্ছে না এবং পিএস প্লেট সরবরাহ না হলে কজ-লিস্ট মুদ্রণ কাজ চালিয়ে নেওয়া সম্ভব হবে না।
এ অবস্থায় ১৫ মার্চ থেকে পিএস প্লেট সরবরাহ না হওয়া পর্যন্ত সময়কালে বিজি প্রেস হাইকোর্ট বিভাগের কজলিস্ট মুদ্রণ করতে পারছে না বিধায় সুপ্রিমকোর্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। এই সময়ে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কজলিস্ট ব্যবহার করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।
রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর প্রধান বিচারপতির আদেশক্রমে এ বিজ্ঞপ্তি দেন ।
তবে সুপ্রিমকোর্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যতালিকা ছাপাতে দ্রুত ব্যবস্থা নিতে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে।
বার্তাবাজার/এসজে