ফরিদপুরে শ্রেষ্ঠ পিতা ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান
মুজিববর্ষ উপলক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীর কাদিরদীতে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখায় শ্রেষ্ঠ পিতা ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা ও অসহায় প্রবীনদের ভাতা প্রদান করেছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) নামের এক বেসরকারি সংস্থা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক উদযাপনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির আওতায় শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান, অসহায় প্রবীণদের পরিপোষক ভাতা, অসহায় নারীদের আজীবন ভরণপোষণ ভাতা ও পুরস্কার বিতারণ করে ওই সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের পক্ষে বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ভাতার নগদ অর্থ নির্বাচিতদের হাতে তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘সমৃদ্ধি কর্মসূচির নানাবিধ সমাজ সংস্কারমূলক কার্যক্রম প্রশংসার দাবীদার। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় শ্রেষ্ঠ পিতা নির্বাচন ও তাদের সম্মাননা দেওয়ায় শিক্ষায় মানুষকে অনুপ্রাণিত করবে। একই সাথে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদানে নতুন প্রজন্মকে আরও দায়ীত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করবে।’
এসডিসির সমৃদ্ধি কর্মসূচির মাঠ জরিপে এ বছর শ্রেষ্ঠ পিতা নির্বাচিত হয়েছেন কাদিরদী গ্রামের মো. অহিদুজ্জামান মৃধা, সাতৈরের সৈয়দ জালাল উদ্দিন ও কেরসাইলের আব্দুর রাজ্জাক মাতুব্বর এবং পরিবার ও বৃদ্ধ পিতামাতার সেবা-চিকিৎসা, দেখাশোনায় দায়ীত্বশীল ভূমিকা রাখায় সোনালী ব্যাংক বোয়ালমারী শাখার ব্যবস্থাপক মোহাম্মাদ শাহাদাত হোসেনকে শ্রেষ্ঠ সন্তানের সম্মাননা দেওয়া হয়। শিক্ষা ও সমাজ সংস্কারে বিশেষ অবদান রাখায় এস এম রাজু আহমেদ ও আল আমিন শিকদারকেও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান করা হয়। অপর দিকে কর্মসূচিটির আওতায় সাতৈর অঞ্চলে ১০০ জন অসহায় প্রবীণ-প্রবীণাকে ভাতা প্রদান করা হয়।
এছাড়া আজ কাদিরদী স্কুল মাঠে প্রবীণ নবীনদের মাঝে এক প্রীতিফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড় ও সমৃদ্ধি কর্মসূচির সুবিধাভোগী পরিবারের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসডিসির পরিচালক ( প্রশিক্ষণ) কাজী মশিউর রহমান কচি, সহ পরিচালক খন্দকার নজরুল ইসলাম, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি কাজী হাসান ফিরোজ, বিকাশ চন্দ্র কুন্ডু, কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রাফিউল আলম মিন্টু, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়ক দিদারুল আলম, সুদেব চক্রবর্তী প্রমুখ।
বার্তা বাজার / ডব্লিও.এস