বর্তমানে বিএনপির রাজনীতি করোনা ভাইরাসে আক্রান্ত বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘করোনা নিয়ে বিএনপি আতঙ্ক ছড়িয়ে নেতিবাচক রাজনীতি করছে। মূলত বিএনপি করোনা ভাইরাসে আক্রান্ত। তাদের থেকে সাধারণ মানুষকে সাবধান থাকতে হবে।
বৃহস্পতিবার দুপুরে জেলার বিরল উপজেলা অডিটোরিয়ামে দুস্থ্য ও আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণার্থী মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণের পর এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, ‘সারা বিশ্ব আজকে করোনা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছে। এ সময়ে মানবিকতাকে সামনে নিয়ে এসে প্রধানমন্ত্রী মুজিববর্ষের কর্মসূচি সংক্ষিপ্ত করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। সরকার করোনা ভাইরাস বিষয়ে কোন তথ্য গোপন করছে না। এ সময়ে বিএনপি করোনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক নেত্রী। তিনি বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। সব গৃহহীনদের ঘর করে দেয়ার ব্যবস্থা করছেন। এ কাজে দলীয় নেতাকর্মী এবং প্রশাসনের লোকজন আন্তরিকতা নিয়ে যেন কাজ করে এ আহবান জানান তিনি।
সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমূখ।
বার্তা বাজার / ডব্লিও.এস