জুমার খুতবায় করোনা ভাইরাস নিয়ে আলোচনার আহবান

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শুক্রবারের জুমার খুতবায় আলোচনা করার জন্য ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মুহাম্মদ নিজামউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশে তিনজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে অনেকে গুজব, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে জনমনে ভীতির সঞ্চার করছে। এ পটভূমিতে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে করোনাভাইরাস থেকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আগামীকাল (শুক্রবার) জুমার খুতবায় দেশের সকল মসজিদে আলোচনা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

সেখানে আরও উল্লেখ করা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে আক্রান্ত ব্যক্তির মসজিদে আগমন ও জনসমাগম পরিহার করার বিষয়টি ইসলামের দৃষ্টিতে সঠিকভাবে জুমার খুতবায় তুলে ধরা এবং করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার অনুরোধ করা হলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর