রেলওয়ের উচ্ছেদ অভিযান অব্যাহত

চট্টগ্রামে রেলওয়ের অব্যাহত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে উদ্ধার হলো ০.৭৮ একর জায়গা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে নগরীর বন্দর থানাধীন পোর্ট মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।

অভিযানে নেতৃত্ব দেন ভূ-সম্পত্তি বিভাগের কর্মকতা মাহবুবুল করিম। তিনি বলেন, “বন্দর থানাধীন পোর্ট মার্কেট এলাকায় পুলিশ ও আরএনবির সহযোগিতায় সকাল হতে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা পাকা, সেমি পাকা ও টিনশেডের ২১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দশমিক ০.৭৮ একর জায়গা উদ্ধার করা হয়েছে।”

এর আগে, বুধবারও (১১ মার্চ) রেলওয়ের উচ্ছেদ অভিযানে বন্দর থানার সিজিপিওয়াই এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় দুই একর জায়গা। এর আগে গত সোমবার (০২ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইপিজেড থানার কলসি দিঘীর পাড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ৬টি দোতলা ভবন ও ২৭৮টি সেমিপাকা, টিনশেড দোকান গুঁড়িয়ে দিয়ে দেড় একর জমি উদ্ধার করেছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। এর আগের দিন রোববার (০১ মার্চ) সকাল ১০টা থেকে ইপিজেড থানার কলসি দিঘীর পাড় এলাকায় রেলওেয়ের জায়গা উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। তার আগে নগরের টাইগারপাসে ৭০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রায় ৫ একর জায়গা উদ্ধার করেছে ভূ-সম্পত্তি বিভাগ।

এছাড়াও ইতোপূর্বে নগরীর হালিশহর, বন্দর এলাকা, সিআরবি, গোয়ালপাড়া, বিআরটিসি এলাকা, জামতলা বস্তি, মির্জাপুল বস্তি সহ বেশ কিছু এলাকায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে হাজার হাজার অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয় এবং শত শত একর অবৈধ দখলি জায়গা উদ্ধার করা হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর