‘সুইট সিক্সটিন’-এ দিলারা জামান

বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের জন্ম ১৯৪৩ সালের ১৯ জুন। সেই হিসেবে তাঁর বয়স এখন ৭৬ বছর।

কিছুদিন আগেও, লাইফস্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র প্রচ্ছদে ওয়েস্টার্ন লুকে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। এবার দিলারা জামান হাজির হচ্ছেন ১৬ বছর বয়সী গার্লফ্রেন্ড হয়ে।

সম্প্রতি তার এমন এক ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দিলারা জামানের পাশে বসে আছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

জানা গেছে, ‘সুইট সিক্সটিন’ নামে একটি নাটকে জুটি বেঁধেছেন তারা। নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। টিকলি মাহমুদের রচনায় এটি নির্মাণ করেছেন রাহাত মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, জারা মিতু প্রমুখ।

নাটক প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘বয়স এখন ৭৬। এই বয়সেও নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন, এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের এখানে সচরাচর এই চর্চাটা নেই বললেই চলে। বয়স হলেই পর্দা থেকে অভিনয় শিল্পীরা হারিয়ে যান। নির্মাতাদের চাওয়ায়, নিজেকে নতুন করে তৈরি করে যাচ্ছি। এটি সত্যিই আমার জন্য আনন্দের। এই নাটকে কিছুটা হলেও এর আঁচ পাওয়া যাবে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’

‘সুইট সিক্সটিন’ নাটকের গল্পে দেখা যাবে, নিজেকে সবসময় ১৬ বছরের কিশোরী ভাবেন দিলারা জামান। চাল-চলনে, কথা-বার্তায় ও রূপচর্চাতেও সেই ছাপ লক্ষ্য করা যায়।

নির্মাতা রাহাত মাহমুদ জানান, নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর