চসিক নির্বাচন : চট্টগ্রামে এলো আরো ৪ হাজার ইভিএম

চট্টগ্রাম সিটি করপোরেশন উপলক্ষে চট্টগ্রামে আরো চার হাজার ইভিএম ও নির্বাচনী সরঞ্জামের আরেকটি চালান এসেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে উক্ত চালান সরবরাহ করা হয়।

চট্টগ্রামের নির্বাচন কমিশন অফিসার শিমুল শর্মা বলেন, “প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া চসিক নির্বাচনের জন্য ১১ হাজার ৬ শত ইভিএম মেশিন ও সরঞ্জামের প্রয়োজন। যেখানে প্রথম ধাপে গত সোমবার ৪ হাজার ইভিএম মেশিন ও সরঞ্জাম চট্টগ্রাম পাঠিয়েছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার আরো ৪ হাজার ইভিএম সরঞ্জাম পাঠিয়েছে। বাকি মেশিন ও সরঞ্জাম শীঘ্রই পাঠাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।”

উল্লেখ্য, এবারের সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেনসহ মোট ৬ জন মেয়র, ১৬১ জন সাধারণ ওয়ার্ডর কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া চসিক নির্বাচনে এবারের মোট ভোটার সংখ্যা হলো ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। যেখানে পুরুষ ভোটার ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন এবং নারী ভোটার ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন।

ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন নিয়ে বিরোধী দল সহ বিভিন্ন মহলে অনাস্থা ও আশঙ্কা প্রকাশ করলেও নির্বাচন কমিশন হতে বলা হয়েছে ভিন্ন কথা। নির্বাচন কমিশনের ইলেকশন কমিশনার রফিকুল ইসলাম বলেন, “ইভিএম’এ কারচুপির কোন সুযোগ নেই। বরংচ ইভিএম পদ্ধতিতে ভোট হলে তা স্বচ্ছ ও সুন্দর হওয়ার নিশ্চয়তা রয়েছে। এছাড়াও ইভিএম এর কারিগরী দিক পর্যবেক্ষণে সেনাবাহিনীর সদস্যরা (নিরস্ত্র) দায়িত্ব পালন করবেন। কাজেই ইভিএম পদ্ধতি নিয়ে আপত্তির কিছু নেই।”

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর