বঙ্গবন্ধুর প্রতি সবাইকে আস্থা রাখার আহ্বান জানান মওলানা ভাসানী

১৯৭১ সালের মার্চ মাসেই স্বাধীনতার পক্ষে সঙ্ঘবদ্ধ করতে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী বেরিয়ে পড়েন দেশের গ্রাম-গঞ্জে। ১১ মার্চ টাঙ্গাইলে জনসভা করার পর ৭১’র ১২ মার্চ তিনি ময়মনসিংহে জনসভা করেন। এ জনসভায়ও তিনি স্বাধীনতার কথা পুণরায় ঘোষণা করেন। বঙ্গবন্ধুর ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান মওলানা ভাসানী।

১৯৭১ সালের ১২ মার্চ বাঙালি সিএসপি কর্মকর্তারা অসহযোগ আন্দোলনের প্রতি তাদের দৃঢ় সমর্থন ঘোষণা করেন। তারা মিছিল ও সমাবেশ করে তাদের ঘোষণার কথা জানান। আওয়ামী লীগের সাহায্য তহবিলে তারা নিজেদের এক দিনের বেতন দিয়ে দেন।

সারা দেশে সিনেমা হল মালিকরা অসহযোগের প্রতি সমর্থন জানিয়ে চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করে দেন। আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মনসুর আলী এক বিবৃতি দেন এই দিন। এতে তিনি খাদ্যবোঝাই চট্টগ্রামমুখী মার্কিন জাহাজের গতি পরিবর্তন করে করাচি পাঠানোর ঘটনার নিন্দা জানান।

লাহোরে এয়ার ভাইস মার্শাল (অব:) আসগর খান ও স্থানীয় বুদ্ধিজীবী, ছাত্র, শ্রমিক ও পেশাজীবী নেতারা অবিলম্বে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ জহিরুদ্দিন পাকিস্তানের দেয়া খেতাব বর্জন করেন। বগুড়ায় জেল থেকে ২৭ জন কয়েদি পালিয়ে যান। জেল ভেঙে পালানোর সময় কারারক্ষীদের গুলিতে কয়েকজন হতাহত হয়েছিলেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর