পিরোজপুরের সেই জজকে কুড়িগ্রামে বদলি

বহু আলোচনার জন্ম দিয়ে পিরোজপুরের থেকে স্ট্যান্ড রিলিজ হয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা আবদুল মান্নানকে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তাকে কুড়িগ্রামে বদলি করার এই প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এর আগে গত ৩ মার্চ দুর্নীতির দায়ে অভিযুক্ত পিরোজপুর জেলা আ’লীগ সভাপতি ও সাবেক এমপি একেএম আউয়াল দম্পতিকে জামিন না দেয়াকে কেন্দ্র করে জেলা জজ মো. আবদুল মান্নানকে তাৎক্ষণিক প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

এরপরে জেলা জজ মো. আবদুল মান্নানকে স্ট্যান্ড রিলিজের আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিতভাবে এ রুল জারি করেন।

উল্লেখ্য, গত ৩ মার্চ দুপুরের দিকে সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা পারভীন দুর্নীতি মামলায় জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নানের আদালতে হাজির হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর কিছুক্ষন পরেই স্ট্যান্ড রিলিজ হয় জজ মো. আবদুল মান্নান। স্ট্যান্ড রিলিজের কিছুক্ষন পর ভারপ্রাপ্ত দায়রা জজ নাহিদ নাছরিন তার ক্ষমতাবলে আউয়াল দম্পতির জামিন দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর