৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে কর্তৃপক্ষ
বন্দর নগরী চট্টগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (১১ মার্চ) সকাল ১১ টা হতে বিকাল ৫টা পর্যন্ত নগরীর বন্দর থানাধীন সিজিপিওয়াই এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে প্রায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের দুই একর জায়গা উদ্ধার করা হয়।
রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, “দীর্ঘদিন যাবত রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার দাপটে সারা চট্টগ্রাম জুড়ে থাকা রেলওয়ের জায়গা উদ্ধারে নিয়মিত অভিযানে আজ বন্দর থানাধীন সিজিপিওয়াই এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে চার শতেরও অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের দুই একর জায়গা উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতেও এই অভিযান অব্যাহত থাকবে।”
এর আগে গত সোমবার (০২ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইপিজেড থানার কলসি দিঘীর পাড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ৬টি দোতলা ভবন ও ২৭৮টি সেমিপাকা, টিনশেড দোকান গুঁড়িয়ে দিয়ে দেড় একর জমি উদ্ধার করেছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। এর আগের দিন রোববার (০১ মার্চ) সকাল ১০টা থেকে ইপিজেড থানার কলসি দিঘীর পাড় এলাকায় রেলওেয়ের জায়গা উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। তার আগে নগরের টাইগারপাসে ৭০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রায় ৫ একর জায়গা উদ্ধার করেছে ভূ-সম্পত্তি বিভাগ।
বার্তা বাজার / ডব্লিও.এস