চট্রগ্রামে গার্মেন্টস কর্মীদের ৭ দফা দাবী আদায়ে আন্দোলন
চট্টগ্রামে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছেন ‘চিটাগং এশিয়ান এ্যাপারেলস লিমিটেড’ নামক পোষাক তৈরি কারখানার শ্রমিকরা।
বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচির মাধ্যমে শ্রমিকরা ন্যায্য দাবী আদায়ের আন্দোলন শুরু করেন।
আন্দোলনে অংশগ্রহণকারী শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের ইচ্ছামত যখন খুশি তখন বহু বছর ধরে কাজ করে আসা পুরাতন শ্রমিকদেরসহ নতুন শ্রমিকদের পরিকল্পিত ভাবে ছাঁটাই করে আসছিল। এছাড়া বকেয়া বেতন আটকে রাখা হয়েছে। সময়মত বেতন চাইলে হামলা মামলা করে ভয় দেখানো হয়। শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৩ টায় ছাঁটাই করা শ্রমিকদের নিয়ে মালিকপক্ষ একটি সমন্বিত বৈঠকের কথা বললেও সেদিন ছাঁটাই করা শ্রমিকদের বিষয়ে কোন সমাধান হয়নি। যার পরে রবিবার (৮ মার্চ) সকালে শ্রমিকদের সাথে প্রোডাকশন ইস্যুতে বাকবিতণ্ডা হয় কারখানার মালিকপক্ষের কয়েকজন কর্মীর সাথে।
এ ঘটনার জের ধরে ওই দিন দুপুরে ডিরেক্টর শফিক, জিএম মোস্তফা, নাসরিন ও শরিফসহ বেশ কয়েকজন মিলে নিরীহ শ্রমিকদের ওপর হামলা চালায়। আবার হামলার দিন রাতেই হঠাৎ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ দেয় মালিকপক্ষ। তবে কারখানা বন্ধ থাকার পরও অনেক শ্রমিককে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে জানান ভুক্তভোগী গার্মেন্টস শ্রমিকগণ। শ্রমিকরা বলছেন, পরিকল্পিতভাবে শ্রমিক ছাঁটাইয়ের জন্যই মালিকপক্ষ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছেন। যার দরুন নিরুপায় হয়ে শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শ্রমিকদের যে সাতটি দাবী রয়েছে তা হলো, ১/ শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে, ২/ বকেয়া বেতন পরিশোধ, ৩/শ্রমিকদের ওপর হামলাকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে, ৪/ শ্রমিকদের ওপর মালিকপক্ষের হামলা বন্ধ করা, ৫/ মিথ্যা মামলা প্রত্যাহার করা, ৬/ সকল শ্রমিককে কাজে যোগদানের অনুমতি দেওয়া এবং ৭/ ভয় দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া বন্ধ করা।
উল্লেখ্য, ‘এশিয়ান এ্যাপারেলস লিমিটেড’ গার্মেন্টসের মালিক হলেন বিজিএমইএর সাবেক সহ সভাপতি ও স্বনামধন্য ব্যবসায়ী এম এ সালাম। চট্টগ্রাম সহ দেশের বহু জায়গায় রয়েছে তাঁর বাড়ি গাড়ি সহ ব্যবসা বানিজ্য। নগরীর জিইসি আবাসিক এলাকার ১ নম্বর রোডে ৯ নম্বর বাড়িতে তিনি বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি কালুরঘাট মোহরা। তাঁর মরহুম পিতার নাম আলহাজ্ব আবু তাহের। যিনি এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রির মহাপরিচালক ও স্বত্বাধিকারী ছিলেন। বছর দেড় এক আগে উনি ইন্তেকাল করেন।
বার্তা বাজার / ডব্লিও.এস