আর কত মানুষের আহাজারি শুনব : আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আর কত আগুনে পোড়া দেখব, আর কত মানুষের আহাজারি শুনব? আমি মনে করি, এ জায়গার মালিকদের সঙ্গে দ্রুত আলাপ করব। পুরো জায়গার ম্যাপ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব। প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন এবং আমিও বিশ্বাস করি, এর একটা স্থায়ী সমাধান অবশ্যই আসবে।’
বুধবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে মিরপুরের রূপনগর পোড়া বস্তি পরিদর্শনকালে এ কথা জানান তিনি।
আপতত এ বস্তিতে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা স্থানীয় সরকারের কোনো সহায়তার আশ্বাস আছে কি না এমন প্রশ্নের জবাবে মেয়র আতিকুল বলেন, ‘অবশ্যই আছে। এ মুহূর্তে দায়িত্বে যারা, তাদের জন্য সংসদ সদস্য, দুই কাউন্সিলর মিলে পরিকল্পনা করেছি, কোন কোন স্কুলে কারা কারা থাকবেন এবং সেভাবে কাজ চলছে। কোথায় রান্না হবে, কোথায় খাওয়া-দাওয়া হবে সে কাজও চলছে। সিটি করপোরেশন থেকে জরুরি কক্ষ খুলতেও বলেছি।’
তিনি বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করছি। আমি মনে করি, বস্তিবাসী ও আমরা কেউ টেবিলের এপারে-ওপারের নয়। আমরা সবাই মানুষ, সবার বাঁচার অধিকার আছে এবং ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে।’
বার্তা বাজার / ডব্লিও.এস