কুমিল্লার চান্দিনা উপজেলায় সিঙ্গাপুর ফেরত এক যুবকের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। সন্দেহকৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করতে ইতোমধ্যে কুমিল্লার পথে আছে আইইডিসিআরের বিশেষ একটি টিম।
আক্রান্ত যুবকের নাম আবুল বাশার। তিনি উপজেলার কামারখোলা গ্রামের আব্দুল রশিদের ছেলে।
আবুল বাশার জানান, চলতি মাসের ৬ তারিখ আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসার পর বিমানবন্দরে আমাকে চেক করে একটি কার্ড দেয়। গত ৩ দিন ধরে আমার জ্বর, সর্দি ও গলা ব্যথা থাকায় আমি আজ (বুধবার) সকালে ওই কার্ডে থাকা নম্বরে ফোন করে বিষয়টি জানাই।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আহসানুল হক জানান, ‘ওই যুবকের সাথে আমার কথা হয়েছে। ধারণা করা হচ্ছে তার মাঝে করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে। তাকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছি। ঢাকা থেকে আইইডিসিআর টিম রওনা করেছে। ওই টিম এসে নমুনা সংগ্রহ করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
বার্তাবাজার/এসজে