গাঁজা বিক্রির সময় পুলিশের হাতে ২ বিজিবি সদস্য আটক

দিনাজপুরে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করার সময় ২জন বিজিবি সদস্যকে আটক করেছে দিনাজপুর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। আটকের পর তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর শহরের গোড়-এ শহীদ বড় ময়দানের দক্ষিণ-পশ্চিম পাশে কৃষ্ণকলি রেস্টুরেন্টের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।

ডিবির হাতে আটককৃতরা হলেন, বিজিবি দিনাজপুর সেক্টরের সিগনালম্যান আনোয়ার হোসেন (৩০) ও ল্যান্স নায়েক সহকারী সাগর হোসেন (৩০)। আটক আনোয়ার হোসেন (সিগনালম্যান-৮১৮৪২) বি-বাড়িয়া জেলার সদর উপজেলার পশ্চিম মোড্ডা এলাকার আলমগীর হোসেনের ছেলে ও সাগর হোসেন (ল্যান্স নায়েক সহকারী-৮১০৩০) ঝিনাইদহ জেলার সদর থানার আরাপপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ২জন মাদক ব্যবসায়ী কৃষ্ণকলি রেস্টুরেন্টের পাশে পাইকারি মাদক (গাঁজা) বিক্রি করার জন্য অবস্থান করছিলেন এমন গোপন সংবাদের তথ্য পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলে ২জন মাদক বিক্রির জন্য অবস্থান করছেন নিশ্চিত হয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের মোটরসাইকেলে সবুজ রঙ্গের একটি ব্যাগে কসটেপ মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে ২ জনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পরে বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে বিজিবির নিজস্ব আইনে বিচার করার জন্য বিজিবি দিনাজপুর সেক্টরের সদস্যরা আটক ২জনকে ডিবি কার্যালয় থেকে নিয়ে যায়।

দিনাজপুর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির ২জনকে সদস্যকে এক পেকেট গাঁজাসহ আটক করা হয়েছিল। বুধবার সকালে তাদেরকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা বিজিবি’র কাছে লিখিত নিয়ে ২জনকে বিজিবির হাতে হস্তান্তর করেছি। তারা তাদের নিজস্ব আইনে বিচার করবে।’

এ বিষয়ে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডারের সরকারী নাম্বারে (০১৭৬৯৬০২২০০) যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এসএমএস করা হলেও কোন রিপ্লাই পাওয়া যায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর