করোনা ভাইরাসের কারণে দেশে স্কুল বা কমিউনিটি সেন্টার বন্ধের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বুধবার (১১ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনাভাইরাস পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ফলে স্কুল বা কমিউনিটি সেন্টারগুলো বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে সতর্কতা হিসেবে জনসমাগম এড়িয়ে চলার কথা বলা হচ্ছে। এছাড়া এ বিষয়ে সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
এর আগে মঙ্গলবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো রকমের সিদ্ধান্ত নেয়নি। কতিপয় গণমাধ্যম স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করছে। আসলে এটি একটি গুজব।
তিনি জানান, প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হতে অনুরোধ করেছেন তিনি। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
উপমন্ত্রী আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় আইইডিসিআরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
এর আগে নওফেল বলেছিলেন, আইইডিসিআরের মতে স্কুল-কলেজ বন্ধের পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ লাগবে। তবে, এ বিষয়ে সতর্ক আছে শিক্ষা মন্ত্রণালয়।
বার্তাবাজার/এমকে