খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ জুন

বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত। আগামী ৩ জুন দিন এই মামলার শুনানি হবে।

বুধবার (১১ মার্চ) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের (অস্থায়ী) বিচারক ফাতেমা ইমরুজ কনিকা দিন শুনানির দিন ধার্য করেন।

এর আগে, হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া।

২০১৫ সালের ২৩ জানুয়ারি রাত ৯টায় যাত্রাবাড়ীর ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ৩১ জন দগ্ধ হন। তাদের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নূর আলম নামে একজন মারা যান।

ঘটনার পরদিন পরিকল্পনাকারী হিসেবে বিএনপির কেন্দ্রীয় ১৮ নেতাসহ যাত্রাবাড়ীর ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলাটি করেন যাত্রাবাড়ী থানার এসআই কেএম নুরুজ্জামান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম এজাহারে আসামির তালিকায় উল্লেখ করা না থাকলেও এজাহারের বক্তব্যের মধ্যে হুকুমদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছিল।

মামলাটি তদন্ত করে একই বছরের ১৮ মে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন। এদিকে একই ঘটনায় হত্যা এবং বিশেষ ক্ষমতা আইনের আরও দুটি অভিযোগপত্র দাখিল করা হয়। ডিবি পুলিশের এসআই বশির আহমেদ চার্জশিটগুলো দাখিল করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর